২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালউদ্দিন হত্যা: ৮ বছর ধরে পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন হত্যা মামলার এক আসামি আট বছর ধরে পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 04:51 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

গ্রেপ্তার সুলতান ড্রাইভার ওরফে কালা সুলতান নাম ভাঁড়িয়ে কক্সবাজারে লুকিয়ে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার রাতে কক্সবাজার সদরের লাইট হাউজ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০০৬ সালে করা জামাল অপহরণ ও হত্যা মামলার ১৬ জন আসামির একজন হলেন সুলতান।

১৪ বছর আগে অপহরণের পর খুন হন আনোয়ারা উপজেলার বিএনপি নেতা জামাল। এ হত্যাকাণ্ডের পর ২০০৫ সালে থেকে পলাতক সুলতানের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিচয় গোপন করে প্রায় আট বছর লুকিয়ে ছিলেন সুলতান।

“গ্রেপ্তার এড়াতে তখন থেকেই সে (সুলতান) কক্সবাজারে আছে। নুরুল ইসলাম নাম নিয়ে হাটহাজারীর ঠিকানায় সে জাতীয় পরিচয়পত্রও তৈরি করে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান জানায়, কক্সবাজারে শুরুতে রিকশা চালক ও পরে তরকারির ব্যবসা করতেন তিনি। গত তিন বছর ধরে একটি হোটেলে চাকরি করছিলেন।

অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আরো বলেন, গ্রেপ্তারের পর সুলতান নিজেকে নুরুল ইসলাম বলে পরিচয় দেন। পরে তার এলাকা ফটিকছড়ি থেকে লোক এনে তাকে সনাক্ত করা হয়।

২০০৩ সালের ১৩ জুলাই নগরীর চকবাজার থেকে অপহৃত হন জামাল। অপহরণকারীরা তখন এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

এর দুই বছর পরে ২০০৫ সালের ২৪ আগস্ট ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে জামাল উদ্দিনের কঙ্কাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় একটি মামলা হয়। ২০০৬ সালে ওই মামলায় দেয়া অভিযোগপত্রে সুলতানসহ মোট ১৬ জনকে অভিযুক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

ওই সময়ই সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকি নয় জন ছিলেন পলাতক।