২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমন্ত্রণ না পেয়ে’ পাবিপ্রবি প্রশাসনিক ভবনে তালা

নতুন প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে একদল শিক্ষার্থী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওই ভবনে তালা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার সকালে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশ’ কর্মকর্তা ও কর্মচারী প্রায় দুইঘণ্টা ওই ভবনে অবরুদ্ধ থাকেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ছাত্রলীগ নেতাদের আমন্ত্রণ না জানানোয় সংগঠনটির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা দাবি করলেও ছাত্রলীগ তা অস্বীকার করেছে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকিব চৌধুরী নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপাচার্য অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পরপরই সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

“পরে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের উদ্ধার করে।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও শিক্ষক ড. হাবিবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এ কাজ করে। পরে তাদের সঙ্গে সমঝোতা হলে তারা তালা খুলে দেয়।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগকে দাওয়াত না করায় তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল নিয়ে ওই ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে দুই/আড়াই ঘণ্টা পর সমঝোতা হলে ছাত্রলীগ নেতৃবৃন্দ তালা খুলে দেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ বাহার বলেন, অসুস্থ থাকায় ক্যাম্পাসে যাননি তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোর কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছে।

এ ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান সবুজের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।