ভোটে সহিংসতায় শ্লীলতাহানির শিকার পরিবারকে নিরাপত্তা দেয়ার নির্দেশ
নির্বাচনী সহিংসতায় লালমনিরহাটে শ্লীলতাহানির শিকার এক গৃহবধূর পরিবারকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
ওই ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, লালমনিরহাটের জেলা পুলিশ সুপার ও সদর থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সেই সঙ্গে শ্লীলতাহানি এবং পরবর্তী ঘটনাপ্রবাহ তদন্ত করে আগামী ৬ এপ্রিলের মধ্যে আদালতে একটি প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শক ও লালমনিরহাটের পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।
নিজস্ব একটি তদন্ত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) রিট আবেদনে হাই কোর্টের এই আদেশ আসে।
আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
আসকের ওই প্রতিবেদনে বলা হয়, সামসুল নামে এক ব্যক্তি ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে ভোট না দিতে ওই নারীকে বলে। তবে ওই নারী ভোট দেখতে কেন্দ্রে গিয়েছিলেন। এরপর ৭ জানুয়ারি ওই নারীকে তুলে নিয়ে তার শ্লীলতাহানি করা হয়।
এরপর ওই নারী স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে বিচার চাইলেও তারা বিচার করতে অস্বীকার করে বলে আসকের প্রতিবেদনে বলা হয়। পরে ওই নারী থানায় অভিযোগ করলে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ওসি মীমাংসার কাগজে স্বাক্ষর নেয়।
আসক জানায়, ওই নারী তার দুই মেয়েকে নিয়ে বাড়ি বিক্রি করে এলাকা ছাড়তে চাচ্ছেন।
