অর্থনীতি সমিতির কার্যালয়ে চুরি
রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতি কার্যালয়ের জানালা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সমিতির প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।
অর্থনীতি সমিতির কার্যালয় রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেনে অবস্থিত।
আনিস বলেন, “আমরা গতকাল (রোববার) বিকাল সাড়ে ৬টার দিকে কার্যালয় বন্ধ করে সবাই চলে যাই। সকাল ৮টার দিকে ক্লিনার ফোন করে চুরির ঘটনা জানালে আমরা এসে দোতালার অফিসের দরজা ও আলমারি ভাঙ্গা পাই ।”
“দুর্বৃত্তরা দ্বিতীয় তলার পেছনের জানালা ভেঙে ভেতরে ঢুকে ল্যাপটপ, ক্যামেরা, মুঠোফোন ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে। সমিতির সভাপতি আবুল বারকাত ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরীর কক্ষের ঢুকে তাদের ড্রয়ারে রাখা কাগজপত্র তছনছ করা হয়েছে, যা সন্দেহজনক।”
চুরির ঘটনায় রমনা থানায় জিডি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সমিতির কার্যালয় পরিদর্শন করেছে।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন , “অর্থনীতি সমিতি অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।”
