২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবির হল উদ্ধারে সাংসদের নেতৃত্বে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধারে জাতীয় পার্টির এক সাংসদের নেতৃত্বে আট সদস্যের কমিটি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 02:34 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ছাত্রাবাস উদ্ধারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের পর সোমবার মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই কমিটি করা হয়।

গণমাধ্যমের খবর এবং স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়টি ছাত্রহল ও কর্মচারী আবাস দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। যার অধিকাংশই দখল করে আছেন সংসদ সদস্য, পুলিশ, স্থানীয় প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতারা।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি বেদখল হলগুলো উদ্ধারের পথ খুঁজে বের করবে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় সম্পর্কে ৩০ কর্মদিবসের মধ্যে সুপারিশ জমা দেবে।

কমিটির অপর সদস্যরা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাহউদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন যুগ্মসচিব।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার জেলা প্রশাসক এই কমিটিতে রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের জন্য যথাসম্ভব কাছাকাছি এলাকায় জমি কেনার লক্ষ্যে কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে একটি কমিটি করার পরামর্শ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে।

এছাড়া অ্যাকাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের অসমাপ্ত কাজ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা হলের নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধাও নিশ্চিত করার কথা বলা হয়েছে বৈঠকে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে অবিলম্বে ‘অ্যাকাডেমিক কার্যক্রমে’ অংশ নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদের মধ্যে শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাউদ্দিন আকবরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রণালয়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে তিব্বত হলসহ অবৈধ দখলে থাকা ছাত্রবাসগুলো উদ্ধারের দাবিতে গত মাসের শুরুতে নতুন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ২০০০ সাল থেকে তিব্বত হল দখল করে রেখেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা সম্প্রতি পুরান ঢাকার ইসলামপুর এলাকায় ওই হলের সামনে বিক্ষোভ শুরু করলে তাদের ওপর চড়াও হয় পুলিশ। পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে এক শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হন।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও ছাত্রদের সঙ্গে আন্দোলনে থাকার ঘোষণা দেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, পাটুয়াটুলী ওয়াইজঘাট এলাকার জিএল পার্থ লেইনে ৮ দশমিক ৮৮৯ কাঠা জামিতে তিব্বত হল সাংসদ হাজী সেলিম ২০০০ সাল থেকে দখল করে আছেন। হলের মূলভবনের বেশিরভাগ অংশ ভেঙে তিনি স্ত্রীর নামে ‘গুলশানআরা সিটি মার্কেট’ নির্মাণ করেছেন।

অবশ্য হাজী সেলিএমর দাবি, ওই জমি তার নিজের।

আরমানিটোলার এসি রায় রোডে আবদুর রহমান হলটি এখন পুলিশ সদস্যদের আবাস হিসাবে ব্যবহৃত হচ্ছে।

আরমানিটোলা মাহুতটুলির ১, শরৎচন্দ্র চক্রবর্তী রোডের ৪০ কাঠা জমিতে শহীদ আনোয়ার শফিক হলটি স্থানীয় প্রভাবশালীদের দখলে।

যদুনাথ বসাক লেন, টিপু সুলতান রোডের সাইদুর রহমান হল ও রউফমজুমদার দুটির বর্তমানে কোনো অস্তিত্বই নেই। সাইদুর রহমান হলের জমিতে এখন হার্ডওয়ারের দোকান রয়েছে।

পাটুয়াটুলীর ১৬ ও ১৭ নম্বর রমাকান্ত নন্দী লেনের শহীদ আজমল হোসেন হল দখল করে একসময় পুলিশ সদস্যদের কিছু পরিবার থাকত। এর কিছু অংশে গড়ে উঠেছিল বিভিন্ন সমিতি। ১৯৯৬ সালে এর একাংশ দখল করেন স্থানীয় মোশারফ হোসেন খান।

বংশালের ২৬, মালিটোলায় বজলুর রহমান হলের ভবনে সিটি করপোরেশনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম চালানো হচ্ছে। ১৯৮৫ সালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ছাত্ররা হলটি ছাড়তে বাধ্য হন।

গোপীমোহন বসাক লেনের নজরুল ইসলাম হলের ২০ কাঠা জমিতে গড়ে ওঠেছে জামেয়া শরীয়াবাগ জান্নাত মাদ্রাসা ও এতিমখানা। সাবেক কমিশনার আওলাদ হোসেন দিলীপ এর তত্ত্বাবধান করেন। হলটির একাংশ দখল করে ভবন নির্মাণ করেছেন বিটিভির সাবেক ক্যামেরাম্যান গোলামুন্নবী।

তাঁতীবাজারের ঝুলনবাড়ী লেইনে শহীদ শাহাবুদ্দিন হল দুই যুগেরও বেশি সময় পুলিশের দখলে ছিল। ২০০৯ সালের জুনে আওয়ামী লীগ নেতা আমিনুল হক এর দখল নেন।

পাটুয়াটুলীতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ছয়তলা আবাসস্থলের জায়গায় তৈরি হয়েছে ক্রাউন মার্কেট। জনৈক ওবায়দুল্লাহ এর মালিকানার দাবিদার। একসময় ছাত্রহল হিসেবেও ব্যবহৃত হতো ভবনটি।

বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলটিও দীর্ঘদিন স্থানীয় প্রভাবশালীদের দখলে ছিল। ২০১২ সালের প্রথম দিকে ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা হলটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের কাছে হস্থান্তর করে।

এছাড়া বাণীভবন নামের ভবনটিও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দখলে রয়েছে। এক সময়ের এই ছাত্র হলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বাস করছেন।

হলে জবি ছাত্রদের ব্যানার পুড়িয়ে দিল ‘এলাকাবাসী’