রাজধানীতে র্যাবের হাতে ‘প্রতারক দল’ গ্রেপ্তার
জমির ভুয়া দলিল দেখিয়ে প্রতারণার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ নয় জনের এক প্রতারক দলকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে রাজধানীর কচুক্ষেত, পল্লবী এবং আশকোনার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক হাবিবুর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মো. মোহসীন রেজা, মো. জসীম উদ্দিন (৪০), মো. কলিম মৃধা (৪৮), মো. শাওন হাওলাদার (২০), মো. আজিজুল হক ( ৩০), সনজ সাহা ওরফে উজ্জল (৪৪), মো. লিটন মুন্সী (৪৪), মো. স্বপন (৩০) এবং মো. মানিক খন্দকার (৪০)।
এরমধ্যে মো. মোহসীন রেজা বরিশালের মুলাদী থানার বাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তাদের কাছে চারটি গুলিসহ একটি পিস্তল এবং ২৫০ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে র্যাব কর্মকর্তা হাবিবুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্র। শাহীন সিনেমা হল, কচুক্ষেত বাজার, কাফরুল, মহাখালী ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস এবং বনানী ডিওএইচএসসহ সেনানিবাস এলাকার আশেপাশে বাসা ভাড়া নিয়ে এই চক্রটি প্রতারণা চালিয়ে আসছিলো।
হাবিবুর রহমান বলেন, “এই চক্রটি ভূয়া কাগজপত্র তৈরী করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা সমাজের আর্থিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের টার্গেট করে। পরে কখনো জমির মালিক কখনো মধ্যস্থতাকারি সেজে বিশ্বাস স্থাপন করে ওইসব ব্যাক্তিরে কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।”
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারাই এর দলটির দ্বারা বেশি প্রতারিত হয়েছে বলে তিনি জানান।
র্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে মোহসীন রেজা র্যাবকে জানিয়েছে ৭/৮ বছর ধরে সে এ ধরণের ব্যবসা চালিয়ে আসছে। তার লোকজন মোহসীনকে কখনো জাপান কখনো কানাডা প্রবাসী ডাঃ শফিক, ডাঃ করিম, ইঞ্জিনিয়ার আমিনুল ইত্যাদি নামে পরিচয় করিয়ে দিতো।
সম্প্রতি তার এ ধরণের ব্যবসা প্রসারের জন্য ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২, উত্তরা এবং মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি অফিস ভাড়া নিয়েছিলেন।
এই গ্রেপ্তারের খবর শুনে অনেকেই র্যাবের প্রধান কার্যালয়ে গিয়ে অভিযোগের বর্ননা দেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তা হাবিবুর রহমান।
