এরশাদের রাডার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।
সাবেক সেনাশাসক এরশাদসহ চারজনের বিরুদ্ধে বিচারাধীন এ মামলার তদন্ত কর্মকর্তা ও ১১ নম্বর সাক্ষী দুদকের উপ-পরিচালক মঞ্জুর আহমেদকে রোববার বিমান বাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদের আইনজীবী জেরা করেন।
এর আগে এই মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য নেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন আহমেদ খান।
ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবদুল মজিদ আগামী ২০ মার্চ শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন।
ফাইল ছবি
মামলার প্রধান আসামি এরশাদ এদিন আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। অন্য দুই আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন।
আরেক আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক রয়েছেন।
গণআন্দোলনে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এই মামলাটি দায়ের করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি এরশাদসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিক সুবিধা প্রাপ্ত হয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেন।
১৯৯৫ সালের ১২ অগাস্ট এরশাদসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলার কার্যক্রম সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল।
সাক্ষ্যগ্রহণে কোনো বাধা না থাকলেও ২০০৯ পর্যন্ত এই মামলার বাদী তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আলী হায়দারকে আদালতে হাজির করেনি সংস্থাটি।
মামলা দায়েরের ১৮ বছর পর ২০১০ সালের ১৯ আগস্ট শুরু হয় বাদীর সাক্ষ্য নেয়া। প্রায় দেড় বছর সাক্ষ্য নেয়ার পর ২০১২ সালের ১ মার্চ তা শেষ হয়। গত এক বছরে এ মামলায় আরো নয় জনের সাক্ষ্য নেয়া হয়।
গত বৃহস্পতিবার এরশাদের বিরুদ্ধে আলোচিত মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলাটি বিচারের শেষ পর্যায়ে আসার পর ঢাকার প্রথম অতিরিক্ত জেলা জজ আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে পুনঃতদন্তের আদেশ দেয়।
