সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৩
মাদারীপুরের মস্তফারপুর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং বান্দরবানে রুমায় রোববার সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ছয়জন।
মাদারীপুর প্রতিনিধি জানান, বেলা সাড়ে ৩টার দিকে মাদারীপুরের মস্তফারপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের একটি বাসের ধাক্কায় মেহেদী মৃধার (৩) মৃত্যু হয়।
সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গেছে।
নিহতের পরিবার আইনি সহায়তা চাইলে অবশ্যই দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর শহরের পাকদী এলাকার শাহীন মৃধার স্ত্রী সুলতানা বেগম শিশু সন্তান মেহেদীকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী সাকুরা পরিবহন তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মেহেদী মারা যায়।
এতে তার মা সুলতানা বেগম গুরুতর আহত হলে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শিবগঞ্জ উপজেলার ভবানীপুরের কানাবাজারে সকালে ট্রলিচাপায় সাগর চন্দ্র শীল (১০) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সাগর শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের ভুলু চন্দ্র শীলের ছেলে এবং ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভবানিপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকার সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
বান্দরবান প্রতিনিধি জানান, বিকালে রুমা উপজেলায় চাঁদের গাড়ি (জিপ) উল্টে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বিকাল সাড়ে ৫টায় কেওকারাডংয়ের পাহাড়ি এলাকা থেকে আদা ভর্তি জিপটি রুমা বাজারে যাওয়ার পথে বাংলা পাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে পুলিশ।
রুমা থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত মামুইচিং মারমাসহ (৪৫) আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বামংপ্রু মারমা জানান, গুরুতর আহত অবস্থায় রঞ্জন বড়ুয়া (৩৫) ও মো. হেলাল হোসেনকে (২৮) বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
