২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীকে ইডেনছাত্রীদের স্মারকলিপি

ঢাকার অন্যতম পুরনো ইডেন মহিলা কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:49 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

গত কয়েকদিন ধরে ধারাবাহিক আন্দোলনের মধ্যে রোববার সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভের পর শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাত্রা করেন।

শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে তারা জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন। সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের ৭ সদস্যের একটি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়।

প্রতিনিধি দলের সদস্য মুক্তা বাড়ৈ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর কাছে আমাদের স্মারকলিপি দিয়ে এসেছি।”

১৮৭৩ সালে স্কুল হিসেবে যাত্রা শুরু করা ইডেন কলেজ বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ। চারটি অনুষদে ২২টি বিভাগে এই কলেজে পড়ছেন প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী।

পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি কয়েক বছর ধরেই জানিয়ে আসছেন এই কলেজের শিক্ষার্থীরা।

গতমাসেও তারা মানববন্ধনসহ বেশ কিছু কর্মসূচি পালন করেন। সবশেষ ২০ ফেব্রুয়ারি ক্লাস বর্জন ও কলেজের ১ ও ২ নম্বর ফটকের মাঝখানের রাস্তা আটকে বিক্ষোভ দেখান তারা।