২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে শাবিতে শিবিরের মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিসহ ১৪ নেতাকর্মীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে জাময়াত সমর্থিক ছাত্র সংগঠনটি।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:21 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার সকাল ৯টায় একাডেমিক ভবন থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘চেতনা-৭১’ সামনে এক সমাবেশে মিলিত হয়।

বহিষ্কারদেশ প্রত্যাহার না করলে ক্যাম্পাসে অনির্দিষ্টিকালের ছাত্র ধর্মঘট, ক্যাম্পাস ঘেরাও এবং সিলেট বিভাগে হরতাল অবরোধের হুমকি দেয়া হয় সমাবেশ থেকে।

এছাড়া আট দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ২ থেকে ৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী, এলকাবাসী, সিলেটের রাজনৈতিক সামাজিক  ও প্রশাসনিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও গণসংযোগ এবং ১০ মার্চ  উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘চেতনা-৭১’ এর নামফলক ভাংচুরের দায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ  ২৭ ফেব্রুয়ারি রাতে সিন্ডিকেট সভায় শিবিরের ১৪ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

গত বছরের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের রাতে ‘চেতনা ৭১’-এর নামফলক ভাংচুর করা হয়।

এ ভাংচুরের ঘটনার প্রতিবাদে পরদিন বিকালে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করলে তাতে হামলা করে ছাত্রশিবির। সেদিন এক শিক্ষকের মোটরসাইকেল এবং দুই শিক্ষার্থীর সাইকেলে আগুনও দেয় তারা।