২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি ইজাহারুলের বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৭ মার্চ

হেফাজতি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তার ছেলেসহ মোট নয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ মার্চ শুরু হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 05:05 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালত এই মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে।

আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত নয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ২৭ মার্চ হবে।

গত ১০ ফেব্রুয়ারি মুফতি ইজাহার ও তার ছেলে মুফতি হারুণ ইজাহারসহ নয়জনকে অভিযুক্ত করে মাদ্রাসায় বোমা হামলায় হতাহতের ঘটনায় করা তিন মামলার মধ্যে বিস্ফোরক আইনের মামলাটির অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, দেশের পরিস্থিতি ‘অস্থিতিশীল’ করতেই মাদ্রাসায় ‘গ্রেনেড’ বানানো হচ্ছিল।

এই মামলার প্রধান আসামি লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী উচ্চ আদালত থেকে গত ২৮ জানুয়ারি আট সপ্তাহের জামিন পেয়েছেন বলে জানান তার আইনজীবী আবদুস সাত্তার।

মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ছেলে মুফতি হারুন বিন ইজাহার অন্য মামলায় ঢাকায় গ্রেপ্তার আছেন।

এই মামলার গ্রেপ্তার অপর আসামিরা হলেন- মাদ্রাসার ডাইনিং সুপার মুনির হোসেন, শিক্ষক তাফসির আহমদ, আবদুল মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান, মো. জুনায়েদ, মো. ইছহাক ও আব্দুল হাই ওরফে সালমান।

গত বছরের ৭ অক্টোবর চট্টগ্রাম শহরের লালখান বাজারে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে।

এতে আহত হন পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বিস্ফোরক মামলার এজাহারে মৃত তিন জনেরও নাম ছিল।

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহার ওই মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ। এর ছাত্রাবাসের দায়িত্বে ছিলেন হারুন।

মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে ওই ঘটনাকে ‘ল্যাপটপ বিস্ফোরণ’ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা ও অ্যাসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।

এরপর পুলিশ বাদি হয়ে বিস্ফোরক ও অ্যাসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।

বিস্ফোরণে নিহত তিন জন এবং নাম-ঠিকানা না পাওয়ায় ইকবাল নামের একজনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা খুলশী থানার এসআই লোকমান হোসেন।