জাবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের দিনই সংঘর্ষে জড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই পক্ষ।
জাবির দায়িত্বে দেশের প্রথম নারী উপাচার্য
ভর্তি পরীক্ষা চলাকালীন রোববার দুপুরের পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি এবং সাধারণ সম্পাদক রাজীব আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় গুলির শব্দও পাওয়া গেছে। এতে আহত সাতজনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ শাহরিয়ার নেহাল ভূগোল ও পরিবেশ বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী। আহত অন্যদের হাত, পা, মাথায় ইটের আঘাতের জখম রয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার পর পৌনে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষ থামাতে যাওয়া ঢাকা জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বিকাল ৫টার দিকে সাংবাদিকদের বলেন, “দুই পক্ষকে নিবৃত্ত করা গেছে।”
শিক্ষার্থীরা জানায়, ভর্তি পরীক্ষার মধ্যে ক্যাম্পাসে বসা বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদা দাবি করা নিয়ে বেলা আড়াইটার দিকে শহীদ মিনারে ছাত্রলীগের সালাম-বরকত হলের কর্মীদের সঙ্গে মীর মশাররফ হোসেন (এমএইচ) হলের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক রাজীব থাকেন সালাম-বরকত হলে। অন্যদিকে এমএইচ হলটি নিয়ন্ত্রণ করে সভাপতি জনির সমর্থকরা।
ধাওয়া-পাল্টাধাওয়ার পর সাড়ে ৩টার দিকে রাজীবের নেতৃত্বে সালাম-বরকত হলের ছাত্রলীগকর্মীরা দল বেঁধে এমএইচ হলের দিকে যাত্রা করে। ১৫ মিনিটের মধ্যে তারা এমএইচ হলের সামনে পৌঁছালে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে।
সালাম-বরকত হলের ছাত্রলীগকর্মীরা এমএইচ হলের ভেতরের দিকে ইট ছুড়তে থাকে। অন্যদিকে এমএইচ হলের ভেতরে থেকে জনির সমর্থকরা বাইরে অবস্থানরতদের দিকে ইট-কাঠ ছুড়তে থাকে।
ওই সময় পাঁচ রাউন্ড গুলির শব্দও পাওয়া যায়। তবে কোন পক্ষ গুলি ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষ বাঁধার সঙ্গে সঙ্গে ২০ থেকে ২৫ জন পুলিশের একটি দল এমএইচ হলের সামনে গেলেও তাদের কোনো পদক্ষেপ দেখা যায়নি। ওই সময় হলের সামনে থাকা পাঁচটি দোকানও ভাংচুর হয়।
আধা ঘণ্টা পর সাভার থানা থেকে আরো পুলিশ গেলে এএসপি রাসেল শেখের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছররা গুলি ছুড়ে দুই পক্ষকে হটিয়ে দেয়।
পৌনে ৫টার দিকে রাজীব নেতৃত্বাধীন সালাম-বরকত হলের কর্মীরা এমএইচ হলের সামনে থেকে সরে এলে সংঘর্ষ স্থিমিত হয়ে আসে।
দুই পক্ষের সংঘর্ষ চলার মধ্যে রক্তাক্ত অবস্থায় সাতজনকে হাসপাতালে পাঠানো হয়, তাদের মধ্যে নেহাল গুলিবিদ্ধ বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
শিক্ষক আন্দোলনে গত দুই বছর ধরে অস্থির জাহাঙ্গীরনগরে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামকে রোববারই নিয়োগ দেন রাষ্ট্রপতি। এদিনই সংঘর্ষে জড়াল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।
বাংলাদেশের ইতিহাসে ফারজানাই প্রথম নারী, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন। তিনি নৃবিজ্ঞানের অধ্যাপক।
