২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ঠেকাতে চট্টগ্রাম মেডিকেলে কর্মবিরতির ডাক

চট্টগ্রাম মেডিকেল কলেজকে (চমেক) বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ঠেকাতে সোমবার তিন ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 03:34 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

কর্মচারীদের সংগঠনগুলোর জোট ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’ রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সমাবেশ করে কর্মবিরতির এ ঘোষণা দেয়।

এদিকে রোববার সকালে বিশ্ববিদ্যালয় ঘোষণার পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ করেছেন চিকিৎসক ও কর্মচারীরা।

এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাও ছড়িয়ে পড়ে।

চিকিৎসকদের মিছিল থেকে কর্মচারীদের ওপর হামলা চালিয়ে নার্সদের লাঞ্ছিত ও মাইক ভাংচুর করা হয়েছে অভিযোগ কর্মচারী সংগঠনগুলোর নেতাদের।

তবে তা অস্বীকার করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মুজিবল হক বলেন, “চমেকের ডাক্তার ও শিক্ষার্থীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সকালে মিছিল করে। এসময় কর্মচারীরা পাল্টা মিছিল করলে আমরা তাদের আলোচনায় আসতে অনুরোধ করেছি।”

কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণার প্রতিবাদে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সব পর্যায়ে কর্মচারীরা  কর্মবিরতি পালন করবেন।

তবে রোগীদের সুবিধার্থে জরুরি ও বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে জরুরি প্রয়োজনে তারা কাজ করবেন বলেও জানান তিনি।

রতন বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে বৃহত্তর চট্টগ্রামের সাধারণ লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন এবং চিকিৎসা সেবা নিতে প্রতিটি স্তরে ভোগান্তির শিকার হবেন।

“এ ঘোষণা বাস্তবায়ন হলে কর্মচারীরা রাজস্ব খাত থেকে স্বায়ত্ত্বশাসিত কর্মচারীতে পরিণত হবেন।”

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা থেকে সরে না আসলে বৃহৎ আন্দোলনে যাওয়ার হুমকি দেন তিনি।

এ বিষয়ে চিকিৎসক নেতা মুজিবল হক বলেন, “কর্মচারীরা না বুঝে এ আন্দোলন শুরু করেছে।

“কিছু ‘দুষ্টু’ ও ‘দুর্নীতিবাজ’ কর্মচারী সাধারণ কর্মচারীদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছে।”

সরকারের ঘোষণা অনুযায়ী কলেজকে বিশ্বদ্যিালয়ে রূপান্তর করা হবে এবং হাসপাতাল আগের মতোই চলবে বলে জানান তিনি।

দলমত নির্বিশেষে বিভিন্ন সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করা হয়েছে বলেও জানান তিনি।