২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুনমিংয়ে বাংলাদেশিরা নিরাপদ

চীনের কুনমিংয়ে রেলস্টেশনে সন্ত্রাসী হামলায় ৩৩ জন নিহতের ঘটনায় কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ কনস্যুলেট। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 02:39 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

তবে বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ গাজী ও স্থানীয় কর্তৃপক্ষ ইউনানে অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ইউনানের মেডিকেল কলেজগুলোসহ কুনমিংয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। বাংলাদেশের ব্যবসায়ীদেরও সেখানে যাওয়া-আসা আছে।

শনিবার রাতে কুনমিং রেলস্টেশনে ওই নৃশংস হামলার কঠোর সমালোচনা করে শাহনাজ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ওই ঘটনায় বাংলাদেশের কেউ হতাহত হননি বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।”

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এই শহরে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থেকে চলাফেরা করারও পরামর্শ দিয়েছেন চীনে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট মো. সাজ্জাদ হোসাইন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, অন্তত দশ হামলাকারী শনিবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ওই রেলস্টেশনে ঢুকে টিকেট কাউন্টার ও সামনের খোলা জায়গায় থাকা  যাত্রীদের ওপর চড়াও হয় এবং নির্বিচারে ছুরি মেরে ২৯ জনকে হত্যা করে। এ সময় পুলিশের গুলিতে চার হামলাকারী নিহত হন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। দেশটির সরকার ওই হামলার জন্য দায়ী করেছে শিনঝাংয়ের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের।

চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল শিনঝাংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলিমরা দীর্ঘদিন ধরে চীন থেকে আলাদা হওয়ার জন্য আন্দোলন চালিয়ে আসছে। গত এক বছরে সেখানে সহিংসতায় শতাধিক লোকের মৃত্যু হয়েছে।