মাহবুবউদ্দিনের কফিনে বিএনপির শেষ শ্রদ্ধা
প্রয়াত নেতা অ্যাডভোটেক খন্দকার মাহবুবউদ্দিন আহমাদকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
রোববার বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তার মরদেহ নিয়ে আসলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা দল ও চেয়ারপারসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়।
শনিবার সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব, যিনি দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
বার্ধক্যজনিত কারণে সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবীর মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন। সাবেক এই সংসদ সদস্যের বয়স হয়েছিল ৮৯ বছর।
নয়া পল্টনে নেতা-কর্মীদের শ্রদ্ধা নিবেদনের আগে প্রয়াত নেতার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আবদুল হালিম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার ও আইনজীবীসহ দলের কয়েকশ নেতা-কর্মী অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, “এই নেতার মৃত্যুতে বিএনপির যে ক্ষতি হল তা পূরণ হওয়ার নয়।”
প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার প্রথম জানাজা হয়। এতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেনসহ বিচারপতি ও আইনজীবীরা অংশ নেন।
বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও বিকাল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার তৃতীয় ও চতুর্থ জানাজা হওয়ার কথা। বিকালে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
