ভিন্ন বাংলাদেশ দেখাতে ফিরবেন একাত্তরবন্ধু
একাত্তরে স্বাধীনতাকামী বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর অত্যাচার দেখে পাশে দাঁড়ানো ফিলিপ মার্ক এডওয়ার্ড আলফঁসি এবার বিশ্বের সঙ্গে এক নতুন বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে চান।
শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এই আকাঙ্ক্ষার কথা জানান ৭৫ বছর বয়সি এই ফরাসি সাংবাদিক। ওই অনুষ্ঠানে তিনি মুক্তিযোদ্ধাদের দেয়া আলু দিয়ে তৈরি সিলের ‘ভিসা’ সম্বলিত নিজের পাসপোর্টটি মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
একাত্তরে পরিস্থিতি সরেজমিনে জানতে ফরাসি এক টেলিভিশনের পক্ষ থেকে কলকাতায় এসেছিলেন ফিলিপ, পরে ৩ এপ্রিল চুয়াডাঙ্গার এক মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছ থেকে ‘অন অ্যারাইভাল এই ভিসা’ নিয়ে বাংলাদেশে ঢোকেন তিনি।
সেই আসার সঙ্গে ৪৩ বছর পরের আসার তুলনা করে ফিলিপ বলেন, মানুষের মাঝে চঞ্চলতা বেড়েছে। চারদিকে তাকালে দেখি, সেই সময়ের সঙ্গে এ সময়ের কোনো মিল নেই। আশেপাশে অনেক কিছু যুক্ত হয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।
“কিন্তু এখনো বাংলাদেশের খারাপ বিষয় বাইরে বেশি প্রচারিত হয়। এখানে অনেক ভালো বিষয়ও আছে, যেগুলো প্রচার পায় না। আমার এখন দায়িত্ব হচ্ছে এগুলো বিশ্বের কাছে তুলে ধরা। আমি সফলতার দিকগুলো বলতে আবার আসব।”
বর্তমানে ফ্রি ল্যান্সার সাংবাদিক হিসেবে কাজ করে যাওয়া ফিলিপ প্রামাণ্য চিত্র তৈরিতেও নিজের মুন্সীয়ানা দেখিয়েছেন।
একাত্তরে ফ্রান্সের পাসপোর্টে যখন সিল নিয়েছিলেন ফরাসি এই সাংবাদিক, তখন মুজিবনগর সরকারও গঠিত হয়নি এবং ফ্রান্স সরকারও কার্যত পাকিস্তানের পক্ষে ছিল।
সকালে সেই পাসপোর্টটি মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেয়ার পর প্রায় পৌনে এক শতাব্দীর জীবনের এই তরুণ প্রাণ সাংবাদিক ক্লান্তিহীন আলাপে মেতে উঠেন একদল বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে। ফরাসি ভাষায় বলা তার কথা বাংলায় শোনান ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।
একাত্তরে বাংলাদেশে ফিলিপ এসেছিলেন ‘প্রিমিয়ের ইনফরমেশন’ টেলিভিশনের পক্ষ থেকে, তার আগের বছরই প্রথম টেলিভিশন সাংবাদিকতায় যোগ দিয়েছিলেন তিনি।
ফিলিপ বলেন, “সে সময় ফ্রান্সের সরকার পাকিস্তানের পক্ষে ছিলে। কিন্তু এরপরও আমাকে এখানে পাঠানোর প্রয়োজন বুঝতে পেরেছিলেন দুই বস পিয়ের দেগ্রোপ ও পিয়ের দ্যুমাইয়ে। তারা রাজনৈতিক চাপ উপেক্ষা করে আমাদেরকে এখানে পাঠিয়েছিলেন।”
পিয়ের দেগ্রোপ ও পিয়ের দ্যুমাইয়ে ছিলেন ‘প্রিমিয়ের ইনফরমেশন’ টেলিভিশনের পরিচালক। একাত্তরে ৩ এপ্রিলের কিছু দিন আগেও একবার অসহযোগ আন্দোলনের খবর নিতে ফিলিপকে পাঠিয়েছিলেন তারা।
ফিলিপ অনুষ্ঠানে বলেন, সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংবাদ সংগ্রহে আসা অনেকে কলকাতায় এলেও যুদ্ধের ময়দানে যেতে কেউই সাহসী হচ্ছিলেন না।
“ওই অবস্থায় আমরা প্রথম বাংলাদেশে ঢুকি। আমাদের করা প্রতিবেদন পশ্চিমা জগতে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। মানুষ সত্য জানতে পেরেছিল।”
নিজের যে পাসপোর্টটি মুক্তিযুদ্ধে জাদুঘরে দিয়েছেন তাতে গোল সিলের চারপাশে বৃত্তাকারে ‘দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড, চুয়াডাঙ্গা’ লেখা। মাঝে বাংলাদেশের মানচিত্রের জমিনে লেখা ‘বাংলাদেশ’। পাশে আঞ্চলিক কমান্ডার ড. আসহাবুল হকের স্বাক্ষর। নিচে বাংলাদেশ আর্মড ফোর্সেসের আরেকটি সিল রয়েছে।
ফিলিপ বলেন, “আমি অত্যন্ত আনন্দ ও আবেগের সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরকে আমার পাসপোর্টটি দিয়েছি। সেদিন এসে বাঙালিদের মাঝেও দেশের জন্য ভালোবাসা ও আবেগ দেখেছি, যা দিয়ে ৯ মাস পর তারা একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেন। আজ সেই সব ঘটনা মনে করে সময়ের সাক্ষী হয়ে থাকার আনন্দ লাগছে।”
স্বাধীনতার ঊষালগ্নে মুক্তিযোদ্ধাদের এই ‘ভিসা’ দেয়াকে দৃঢ়তার পরিচয় বলে মনে করেন এই ফরাসি।
“এটা আপনাদের ইতিহাসের সাক্ষী। আমি চেয়েছি, সেইদিনে আমাদের আসা আপনারা স্মরণে রাখবেন। তাতে আমিও মনে করব, আমি আপনাদের মাঝেই আছি।”
‘হারিয়ে যাওয়া ফিলিপের ফিরে আসা’
বাংলাদেশের স্বাধীনতার পর নানা ব্যস্ততায় বাংলাদেশ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েন ফিলিপ। তবে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা প্রকাশ রায় ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনোমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহর যোগাযোগে তার মাঝে ফিরে আসে একাত্তর।
তার সন্ধান এবং ঐতিহাসিক গুরুত্বসম্বলিত পাসপোর্ট পাওয়াকে ফরাসি একটি প্রবাদ ‘ছোট খোঁজে বড় প্রাপ্তি’র সঙ্গে তুলনা করেন প্রকাশ।
‘বাংলাদেশ : একটি পতাকার জন্ম’ চলচ্চিত্রের নির্মাতা প্রকাশ জানান, ২০১০ সালে চলচ্চিত্র নির্মাণের ওপর একটি কোর্স করার সময় একটি চলচ্চিত্র বানানোর পরিকল্পনা করেন তিনি।
“সেই ছবির প্রয়োজনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর এক মিনিটের ভিডিও ফুটেজ খুঁজতে গিয়ে পেয়ে যাই প্রায় ২০০ মিনিটের দুর্লভ ও অপ্রদর্শিত ফুটেজ।”
সেখান থেকে পাওয়া ৪৫ সেকেন্ডের ফুটেজ নিয়ে নিজের কাজ সারলেও পরে পুরো ফুটেজ কাজে লাগানোর চিন্তা আসে প্রকাশের মনে, যে ফুটেজগুলো ধারণ করেন ফিলিপ।
ফরাসি টেলিভিশন মহাফেজখানায় থাকা ওই ফুটেজ নিতে ফ্রান্সের আইন ও কপিরাইটের বাধা পেরিয়ে অর্থনৈতিকভাবে সহায়তা করে ফ্রান্স-বাংলাদেশ ইকোনোমিক চেম্বার। শেষে ফিলিপের সাক্ষাৎকারসহ ওই ফুটেজের ভিত্তিতে তৈরি হয় ‘বাংলাদেশ : একটি পতাকার জন্ম’।
ফিলিপের জন্ম ১৯৩৯ সালের ১৪ জুলাই, ১৯৬১ সালে স্নাতক শেষ করার পর তিনি ফ্রেঞ্চ রেডিও আরটিএলে যোগ দেন। ১৯৭০ সালে ফ্রান্সের প্রথম টেলিভিশন চ্যানেলে যোগ দেন তিনি। এর হয়েই তিনি স্বাধীনতা যুদ্ধ চলাকালে ও আগে বাংলাদেশে আসেন।
১৯৭৩ সালে রেডিও ইউরোপে যোগ দিয়ে কাজ করেন ১৯৮১ সাল পর্যন্ত। পরের দু’বছর তিনি ‘ফ্রেঞ্চ-৩’ নামক টেলিভিশন চ্যানেলে ‘ইনফ্রন্ট অব লাইফ’ নামে প্রামাণ্যচিত্রের অনুষ্ঠানে কাজ করেন। এর পর থেকে ফ্রিল্যান্স প্রযোজক ও সাংবাদিক হিসাবে কাজ করছেন তিনি।
