কুমারখালীতে রোববার আধাবেলা হরতাল
উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফের ভোটের দাবিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রোববার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সভা শেষে হরতালের ঘোষণা দেন
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুবুল আলম নতুন।
তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থী এবং তার এজেন্টদের ভোট কেন্দ্রে থেকে বের করে দেয়। ভোটারদেরও কেন্দ্রে আসতে বাধা দেয়া হয়।
‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন হলে বিএনপি সমর্থিত নূরুল ইসলাম আনছার চেয়ারম্যান নির্বাচিত হতেন বলে দাবি করেন তিনি।
গত ২৭ ফেব্রুয়ারি এই উপজেলায় নির্বাচন হয়, যাতে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মান্নান খান চেয়ারম্যান পদে বিজয়ী হন।
