২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কেন্দ্র স্থগিত, দুই উপজেলায় হরতাল

কেন্দ্র দখল, এজেন্টদের মারধরের অভিযোগ এনে নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 02:05 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

দুই উপজেলায় শুক্রবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।

এদিকে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় নোয়াখালী সদর উপজেলার ‘আহমদিয়া উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে বোমাবাজি ও ব্যালট বাক্স ভাংচুরের  পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ওই কেন্দ্রের তিন সহকারী প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়েছে বলেও প্রিসাইডিং অফিসার ইবনে সালেহ মো ফরহাদ জানান।

তিনি বলেন, “১০টার দিকে কেন্দ্রের বাইরে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এরপর দুর্বৃত্তরা কেন্দ্রে ঢুকে দুটি ব্যালট বক্স ভাংচুর করে  এবং দেড়শ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।”

এ সময় বাধা দিতে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার মমতাজ বেগম, সাহিদা আক্তার ও আবুল হাসেমের ওপর হামলা হয় বলে জানান তিনি।

এ পরিস্থিতিতে সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে প্রিসাইডিং অফিসার জানান।

সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুব আলমগীর আলোর প্রধান এজেন্ট হারুনুর রশিদ আজাদের অভিযোগ, এসব নাশকতার সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শিহাব উদ্দিন শাহীনের কর্মীরা জড়িত।

এদিকে বেলা ১২টার পর কবিরহাট ও  কোম্পানীগঞ্জে আলাদা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস ও হুমায়ুন কবির।

দুই উপজেলার প্রায় সব কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছ বলে তারা অভিযোগ করেন।

এসব সংবাদ সম্মেলন থেকেই শুক্রবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভপতি আব্দুল হাই সেলিম।