মজীনার বিরুদ্ধে বরিশালে মানববন্ধন
বরিশাল সফররত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনাকে ঢাকায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন হয়েছে।
বুধবার বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘প্রতিবাদী নাগরিক সমাজ’ এর ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধন শেষ হওয়ার আগে পুলিশ ব্যানার কেড়ে নেয়। তবে পরে আবার ফিরিয়ে দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, প্রশাসনের অনুমতি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যানার নিয়ে যাওয়া হয়েছিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটবুরোর সদস্য নজরুল হক নিলু, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, জাসদের জেলা সভাপতি আব্দুল হাই মাহবুব, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমান প্রমুখ।
তারা দাবি করেন, মার্কিন রাষ্ট্রদূত মজীনা বাংলাদেশে অবস্থান করে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে উস্কে দিচ্ছেন। মজীনার ইশারায় সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
মজীনা সোমবার বিকালে বরিশাল আসেন। ইতিমধ্যে তিনি বরিশাল বিভাগের ভোলা, পিরোজপুর, ঝালকাঠী জেলা সফর করেছেন।
