২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচরে ভোট স্থগিত, বৃহস্পতিবার হরতাল

সীমানা নিয়ে বিরোধের জেরে হাই কোর্টের আদেশে ভোট স্থগিত করায় চাঁদপুরের হাইমচর উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 10:28 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার বিকেলে এলাকাবাসী বর্তমান চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়াকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়– মিছিল বের করে। পরে এলাকাবাসীর পক্ষে আওয়ামী লীগ সমর্থিথ চেয়ারম্যান পদপ্রার্থী নূর হোসেন পাটওয়ারী হরতালের ঘোষণা দেন।

উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় বৃহস্পতিবার হাইমচরে ভোট হওয়ার কথা ছিল। হাইমচর ও পাশবর্তী শরীয়তপুর জেলার গোসাইরহাট এলাকার সীমানা বিরোধের অভিযোগ এনে নির্বাচন স্থগিত চেয়ে একটি রিটের শুনানি করে ভোট স্থগিতের আদেশ দেয় হাই কোর্ট।

আদালতের আদেশে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ভোট স্থগিতের ঘোষণা দেন।

হাইমচর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

ব্যাপক প্রচার-প্রচারণা করে নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করেছিলেন প্রার্থীরা। এখানে মোট ভোটার ৬৯ হাজার ৭৮০। ভোট কেন্দ্র ৩১টি।

নির্বাচন স্থগিত হওয়ায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূর হোসেন পাটওয়ারী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া জামানত হারানোর ভয়ে ইন্ধন দিয়ে এই নির্বাচন স্থগিত করেছেন। জনগণ তাকে প্রত্যাখান করবে।

বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ পাটওয়ারী বলেন, “বিজয়ের দ্বারপ্রান্তে ছিলাম। আমার বিজয় নিশ্চিত জেনে জনবিচ্ছিন্ন বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া ষড়যন্ত্রমূলকভাবে এই নির্বাচন স্থগিত করেছে।”

এ ব্যাপারে বর্তমানে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়া বলেন, “আমি এই ঘটনার জন্য কোনোভাবে দায়ী নই।”