নীলফামারীতে আবার শতাধিক ঘর পুড়েছে
নীলফামারী সদরে পরপর দুই রাতে অগ্নিকাণ্ডে অন্তত দেড়শ ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার রাতে গোড়গ্রাম ইউনিয়নের হাজীপাড়ায় পুড়েছে শতাধিক ঘর এবং সোমবার গভীর রাতে ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা কালারডাঙ্গা গ্রামে ভস্মীভূত হয় প্রায় অর্ধশত ঘর।
রান্নাঘরের চুলা থেকে এ দুটি অগ্নিকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী, সদর থানার ওসি শাহজাহান পাশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনও সাবেত আলী জানান, ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে প্রায় একশটি ঘর সম্পূর্ণরূপে এবং ১১টি ঘর আংশিক পুড়েছে।
এ ঘটনায় ৩৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে প্রত্যেক পরিবারকে এক হাজার করে টাকা, ৩০ কেজি করে চাল, পাঁচ কেজি চিড়া ও এক কেজি করে গুড় দেয়া হয়েছে।
এছাড়াও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক হাজার করে টাকা, একটি শাড়ি, একটি লুঙ্গি ও একটি কম্বল দেয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাজীপাড়ার জহুরুল ইসলাম, রওশনা বেগম, আনছারুল হকসহ অন্যরা জানান, আগুন প্রথমে এলাকার সুরত আলীর রান্নঘরে দেখা গেলেও সেদিন সেখানে কোনো রান্না হয়নি।
তাই তাদের সন্দেহ, কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
আগুনে আসবাবপত্রসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে একটি গরু, তিনটি ছাগল ও পাঁচ শতাধিক হাঁস-মুরগি।
খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাগুলো রান্না ঘরের চুলা থেকে হয়েছে।
