২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিতকে ডেকে আসনে বসালেন স্পিকার

সংসদ অধিবেশন চলাকালে অন্য আসনে থাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিজ আসনে ফিরিয়ে বিএসইসির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করালেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 08:30 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবারের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতি শেষে প্রশ্নোত্তর পর্বের পর পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখেন উষাতন তালুকদার।

তার বক্তব্যের পর দিনের কার্যসূচি অনুযায়ী অর্থমন্ত্রীর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসএসি)প্রতিবেদনটি উপস্থাপনের জন্য মুহিতের দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।

অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “মাননীয় অর্থমন্ত্রী আপনার একটি প্রতিবেদন উপস্থাপন করার কথা। মাননীয় মন্ত্রী আপনি কি প্রতিবেদনটি উপস্থাপন করবেন?

“মাননীয় মন্ত্রী আপনি কি প্রতিবেদনটি উপস্থাপন করবেন? মাননীয় মন্ত্রী আপনি কি প্রতিবেদনটি উপস্থাপন করবেন?” কয়েকবার বলেন শিরীন শারমিন।

স্পিকারের ডান দিকে ট্রেজারি বেঞ্চের চতুর্থ আসনটি অর্থমন্ত্রীর হলেও তিনি তখন ছিলেন না ওই আসনে। অধিবেশন কক্ষের মাঝামাঝি তৃতীয় সারিতে বীরেন শিকদারের পাশে বসে কথা বলছিলেন মুহিত।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

বারবার স্পিকার জানতে চাইলেও তা শুনতে পাননি অর্থমন্ত্রী। একজন আর্দালি তখন গিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মুহিত ট্রেজারি বেঞ্চের দিকে তাকান। তখন অর্থমন্ত্রীকে ইশারায় ডাকতে থাকেন পূর্তমন্ত্রী।

ঠিক তখন স্পিকার পুনরায় মুহিতের উদ্দেশে বলেন, “মাননীয় অর্থমন্ত্রী, আপনি কি একটু আপনার সিটে আসবেন? আপনার আসনে আসবেন?”

এরপর অর্থমন্ত্রী ধীর গতিতে হেঁটে তার আসনে গিয়ে ওই প্রতিবেদনটি উপস্থাপন করেন।

এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ছিলেন না। সংসদ নেতা, উপনেতা এবং কৃষিমন্ত্রীর পরেই বসেন অর্থমন্ত্রী।

ট্রেজারি বেঞ্চে এসময় ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

৮১ তে পড়লেও কাজে ‘ক্লান্তি’ নেই মুহিতের