২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আবার সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি সদরে একদিন পর আবার পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 07:39 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় বুধবার এ সংঘর্ষে সাতজন আহত হয়।

ঘটনার পরপরই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর উপজেলায় কমলছড়ি ইউনিয়ন ও মহালছড়ি উপজেলায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

সংঘর্ষে আহতরা হলেন বেতছড়ি মুখ গ্রামের রমাদেবী চাকমা (৫৫), তার ছেলে বিপ্লব জ্যোতি চাকমা (৩৫), রেজাউল করিম (৩৫), রিপন তরফদার (৫৬), জাহেদুল (২৫), মো. শাহজাহান ও শহীদ বিশ্বাস।

এদের মধ্যে প্রথম দুজন দায়ের কোপে এবং বাকি পাঁচজন গুলতির আঘাতে আহত হন। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবারও একই এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ান হয়েছে। পুলিশ পৌঁছার পর আর কোনো সংঘর্ষ হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

রাতে ভূয়াছড়ি এলাকায় পুলিশ, বিজিবি ও সেনা টহল অব্যাহত থাকবে। জনগণকে গুজবে কান না দেয়ার অনুরোধ জানান ওসি।

এ ঘটনায় এখনো থানায় কেউ মামলা দায়ের করেনি বলেও তিনি জানান।

সদর হাসপাতালে আহত বিপ্লব জ্যোতি চাকমার সঙ্গে থাকা তার স্ত্রী সমরানী চাকমার অভিযোগ, ভূয়াছড়ি গুচ্ছগ্রামের বাঙালিরা বুধবার বেলা ১১টায় তাদের বাড়ির অদূরে নলকূপের পাশে তার স্বামী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করতে চেয়েছিল। এ সময় তারা সেখানে গোসল করছিলেন।

“বাড়ি থেকে আমরা কোনোরকমে পালিয়ে যেতে সক্ষম হই। এরপর বাঙালিরা আমাদের ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়,” বলেন সমরানী।

কমলছড়ি ইউনিয়নের আপার বেতছড়ি গ্রামের পশ্চিমপাড়া চৈত্য আদর্শ বৌদ্ধ বিহারের ভিক্ষু শ্রীমৎ প্রজ্ঞাদ্বীপ ভিক্ষু অভিযোগ করেন, সকালে শতাধিক বাঙালি ভূয়াছড়ি গুচ্ছগ্রাম থেকে এসে বৌদ্ধ বিহারে হামলা চালায়। এ সময় তারা বিহারের জিনিসপত্র তচনছ ও চারটি পিতলের বৌদ্ধ মূর্তি লুট করে নিয়ে যায়।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছা. আনার কলি জানান, বুধবার বিকাল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়ন ও মহালছড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি থাকবে।

গত ১৫ ফেব্রুয়ারি সবিতা চাকমা (৩০) নামে এক গৃহবধূ খুন হন। তাকে ধর্ষণ শেষে হত্যার জন্য বাঙালি ট্রাকচালক ও বালু শ্রমিককে দায়ী করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে নারী অধিকার সংগঠন ও পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলো।

এর প্রতিবাদে বাঙালি ছাত্র পরিষদ মঙ্গলবার জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন করে। কর্মসূচি শেষে ফেরার পথে কমলছড়ি গ্রামে দুপক্ষের সংর্ঘষ হয়। এতে উভয়পক্ষের চার জন আহত হয়।