ঝিনাইদহে নসিমন-করিমন চালকদের বিক্ষোভ
স্যালো ইঞ্জিন চালিত বিভিন্ন ধরনের পরিবহন মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঝিনাইদহের নসিমন-করিমন চালকরা।
বুধবার বেলা ১২টার দিকে ‘নসিমন-করিমন শ্রমিক ঐক্য ফ্রন্টের’ ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন জেলার ছয় উপজেলার প্রায় পাঁচ হাজার চালক।
তারা পুলিশী বাধা উপেক্ষা করে ঝিনাইদহ শহরের বাসটার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে তারা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
গত ১০ ফেব্রুয়ারি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়ক থেকে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, ভটভটি প্রত্যাহারের নির্দেশ দেয় হাই কোর্ট। এর পরপরই পুলিশ ঝিনাইদহ জেলায় এসব অবৈধ যান বাহন চলাচল বন্ধ করে দেয়।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন, চালকদের পাঁচজন প্রতিনিধি তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক শফিকুল ইসলামের কাছে জমা দিয়েছেন। বেলা ১টার দিকে তাদের বুঝিয়ে শান্ত করে এলাকা থেকে সরিয়ে দেয়া হয়েছে।
বিক্ষোভকারীরা সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনসহ শর্ত সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়ার দাবিও জানান।
সমাবেশে ক্ষুব্ধ চালকরা বলেন, নিষেধাজ্ঞার পর পুলিশের তৎপরতায় নসিমন, করিমন ও আলমসাধু চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে চালকরা বেকার হয়ে পড়েছেন।
এ সময় বিক্ষোভরত চালকদের সঙ্গে ওসি ইকবাল ছাড়াও কথা বলেন ট্রাফিক ইনপেক্টর সালাউদ্দীন আহমেদসহ পদ্মকর দোগাছি ও হরিশংকপুর ইউনিয়নের তিন চেয়ারম্যান।
