রানা প্লাজার ধ্বংসস্তূপে আবার হাড়গোড় উদ্ধার
সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আবার মানুষের হাড়গোড় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, উদ্ধার করা হাড়গোড়গুলো বুধবার দুপুরে ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার রাতে রানা প্লাজার পেছনে রাখা ধ্বংসস্তূপ থেকে মানুষের হাত ও পায়ের ১৭টি হাড়, মাথার খুলির দুটি অংশ ও মাথার চুল উদ্ধার করা হয়।
দীপক কুমার সাহা বলেন, পথশিশুরা ধ্বংসস্তূপ থেকে লোহার টুকরো সংগ্রহ করতে গিয়ে হাড়গোরগুলোর সন্ধান পায়। পরে সেগুলো পাশে জমা করে রেখে চলে যায় তারা। রাতে নৈশ্য প্রহরীরা হাড়গোড়গুলো দেখে পুলিশে খবর দেয়।
এর আগেও একাধিকবার ধ্বংসস্তূপ থেকে মানুষের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়।
গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। নয়তলার ওই ভবন ধসে নিহত হয় এক হাজার ১৩১ জন।
এক হাজার ১১৫টি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১২ জন। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।
