অল্পের জন্য রক্ষা পেল লালমনি এক্সপ্রেসের কয়েকশ যাত্রী
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনে একটি লাইনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেন না সরিয়েই সেখানে ঢুকতে সংকেত দেয়া হয় আন্তঃনগর লালমনি এক্সপ্রেসকে। পরিস্থিতি বেগতিক দেখে শেষ মুহূর্তে ট্রেন থামাতে সক্ষম হন চালক। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান কয়েকশ যাত্রী।
তবে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনায় আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বোনারপাড়া রেলস্টেশন মাস্টার আইয়ুব হোসেন জানান, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসকে বোনারপাড়া রেলস্টেশনের এক নম্বর লাইনে ঢোকার জন্য সংকেত দেয়া হয়। সেই অনুযায়ী ট্রেন ঢোকার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার কথা ছিল।
তিনি বলেন, “কিন্তু ট্রেন আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী (পয়েন্টমেন্ট) শামীম হোসেন ভুলবশত এক নম্বর লাইন পরিষ্কার (ট্রেন ঢোকার ব্যবস্থা) করেননি। এ কারণে ট্রেনটি সকাল ৯টা ৩৫ মিনিটে চার নম্বর লাইনে ঢুকে পড়ে।”
তিনি আরো জানান, ওই লাইনে আগে থেকেই কয়েকটি বগিসহ একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল। টের পেয়ে ট্রেনের চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এক পর্যায়ে হুজ পাইপ খুলে দিয়ে ধাক্কা লাগার আগেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন।
এ সময় দুর্ঘটনার ভয়ে ট্রেনের যাত্রীরা তাড়াহুড়ো করে নামার সময় অন্তত ২৫/৩০ জন আহত হন।
ফাইল ছবি
স্টেশন মাস্টার আইয়ূব বলেন, “একঘণ্টা পর চার নম্বর লাইন থেকে মালবাহী ট্রেন সরিয়ে লালমনি এক্সপ্রেসকে স্টেশন ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার পর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী শামীম হোসেন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
প্রত্যক্ষদর্শী বোনারপাড়া রেলওয়ে কলোনি এলাকার একরাম হোসেন বলেন, স্টেশন মাস্টারের দায়িত্বে অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে।
বাংলাদেশ রেলওয়ে গাইবান্ধার বামনডাঙ্গা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী (পথ) দীপক কুমার সিংহ বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।
