২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত

উপজেলা নির্বাচনের আগের দিন মুন্সীগঞ্জ সদরে মহাকালী ইউনিয়নের চেয়ারম্যানকে বাসা থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 02:32 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার সকালের দিকে ইউনিয়নের উত্তর কেওয়ার এলাকায় হামলার শিকার সোনা মিয়া ব্যাপারী (৭০) সদর উপজেলা বিএনপির উপদেষ্টা।

সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, সোনা মিয়াকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে স্থানীয় বিএনপি।

বেলা পৌনে ১২টার দিকে শহরে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা।

চেয়ারম্যানের ছোট ভাই ছামাদ ব্যাপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সোয়া ৯টার দিকে ৭/৮ যুবক বাড়িতে এসে আমার ভাইকে ডেকে বাইরে নিয়ে বলে- কেন্দ্রের সব ভোট আওয়ামী লীগ প্রার্থীকে দেয়ার জন্য। এতে চেয়ারম্যান অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে গালে ও পরে পেটে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

তবে অভিযোগ নাকচ করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া বলেন, “নির্বাচনের আগের দিন ঘোলা পানিতে মাছ শিকারের জন্য এবং আওয়ামী লীগের প্রার্থীদের ক্ষতির জন্যই নৃশংসতা ঘটানো হয়েছে।”

হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এদিকে চেয়ারম্যানের ওপর হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‘যে কোনো সময় সন্ত্রাসীরা সোনা মিয়া ব্যাপারীর বাড়িতে হামলা করতে পারে’ বলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে  পুলিশ কর্মকর্তা মোশারফ জানিয়েছেন।

হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভোট হবে।

এ উপজেলায় এবার চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাদের মধ্যে বিএনপির সমর্থন পেয়েছেন মোশাররফ হোসেন পস্তি। এই দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন বহিস্কৃত শহর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন খান স্বপন।

আর আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন মো. আনিছুজ্জামান আনিস, যিনি এই উপজেলার বর্তমান চেয়ারম্যান।