২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিক্ষোভ, কাজ করেননি বন্দর শ্রমিকরাও 

বেনাপোলে দুর্বৃত্তদের গুলি ও বোমায় ইউপি চেয়ারম্যানসহ চারজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে উপজেলার প্রত্যেক ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 11:40 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

এছাড়াও বন্দরে কাজ করেননি হ্যান্ডেলিং শ্রমিকরা।

সোমবার রাত ১০টার দিকে বেনাপোল বাজারের বাহাদুরপুর সড়কে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুঁইয়াসহ চারজন আহত হন।

শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার প্রতিবাদে মঙ্গলবার উপজেলার ১১টি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

“আমরা চাই প্রকৃত দোষীদের আটক করে বিচারের কাঠ গড়ায় দাড় করানো হোক।”

এদিকে  কামালকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শাহাদত হোসেন নামে এক বন্দর শ্রমিক আহত হন। ফলে দোষীদের বিচারের দাবিতে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিকরা আমদানি বাণিজ্য ও পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার পরিদর্শক খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টা থেকে কাজ বন্ধ রেখে সন্ত্রাসীদের আটক করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

তিনি বলেন, “বন্দরের হ্যান্ডেলিং শ্রমিক নেতারা দোষীদের বিচারের দাবিতে মিছিল নিয়ে এসে আমদানি গেট বন্ধ করে দেয়। এছাড়া শ্রমিকরা বন্দরে আমদানি পণ্য খালাসও করছে না। ফলে বন্দর অভ্যন্তরে পণ্য জট দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

বেনাপোল পোর্ট থানার ওসি  মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। থানায় মামলার প্রস্তুতি চলছে।”

পাশাপাশি  ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি।