বাধার মুখেও ওঁরাও জনগোষ্ঠীর ভূমি রক্ষায় সমাবেশ
‘দখলদারের’ বাধার পরেও সিলেট শহরতলির বালুচরে নৃ-গোষ্ঠী ‘ওঁরাওদের’ জমি রক্ষার দাবিতে সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।
মঙ্গলবার বিকাল ৩টায় বালুচরের চন্দনটিলা এলাকায় ওঁরাও পল্লীতে ডাকা সমাবেশে সদর উপজেলার টুলটিকর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মছব্বির তার দলবল নিয়ে সমাবেশস্থলে প্রবেশের পথে রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এ কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টায় জনসামাবেশ শুরুর সময় মছব্বির সেখানে গিয়ে সমাবেশে অংশগ্রহণকারীদের নাম লিখে নিয়ে যান।
এ সময় তাকে দখলকারী হিসাবে না বলতে নির্দেশও দেন তিনি।
পরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পদক আবদুল করিম কিম, ওয়াকার্সপার্টির পলিট ব্যুরোর সদস্য সিকান্দর আলীসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের একটি দল সেখানে গেলে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল ত্যাগ করেন।
বাপা নেতা আবদুল করিম কিম বলেন, ওঁরাওদের সঙ্গে ঘরোয়া পরিসরে মতবিনিময় করার জন্য জনসমাবেশের আয়োজন করা হয়েছিল।
“মাইকযোগে প্রচার করা ও ভুমিখেকোদের বিরুদ্ধে প্রচারণা শুনে ইউপি চেয়ারম্যান এ অবস্থার সৃষ্টি করেছিলেন।”
শাহপরাণ থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে দুপক্ষকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মছব্বির বলেন, আমার ইউনিয়নে আমার বিরুদ্ধে প্রচারণা দেখে আমার পক্ষের কিছু লোক সেখানে গিয়েছিল।
তিনি তাদেরকে ফিরিয়ে নিয়ে যান বলেও দাবি করেন।
ওঁরাও সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মছব্বির গত ১৮ ফেব্রুয়ারি সকালে বালুচরের চন্দনটিলার একাংশ দখল করে বাঁশ দিয়ে ঘর নির্মাণ করেন।
