২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঞ্ছারামপুরের ঢোলভাঙ্গা নদী ভরাট বন্ধের নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঢোলভাঙ্গা নদী ভরাট বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

আদেশে প্রশাসনকে নদী দখল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বাঁশ ও মই অপসারণ করে তিন সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।

পাশাপাশি ঢোলভাঙ্গা নদী রক্ষায় পদক্ষেপ গ্রহণ ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

পরিবেশ সচিব, ভূমি সচিব, স্থানীয় সরকার সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

‘বাঁশের বেড়া দিয়ে ভরাট করা হচ্ছে ঢোলভাঙ্গা নদী’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে অ্যাডভোকেট মনজিল মোরসেদ গত সোমবার রিট আবেদনটি দায়ের করেন।

এতে বাদী হিসাবে রয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।

প্রতিবেদনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের পুরোনো সিনেমা হলের উত্তর পাশে ঢোলভাঙ্গা নদী দখল করে আড়াআড়ি বেড়া দিয়ে মাটি ভরাট করছেন বিল্লাল হোসেন ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তি। নদীর ভেতরের ওই জমি তাঁরা স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন বলে দাবি করেছেন।

আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাট করার জন্য নদীর প্রস্থ অনেক কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে বোরো জমিতে সেচকাজ এবং বর্ষাকালে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।