২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যবোধ সংকটে দেশ: আনিসুজ্জামান

মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 05:18 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার জাতীয় জাদুঘর মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান বাংলাদেশ এক মূল্যবোধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যে আশা নিয়ে, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা স্বাধীনতার কয়েক দশক পরেও বাস্তবায়িত করতে পারিনি।

“যতোদিন এই চেতনা বাস্তবায়িত করা সম্ভব হবে না ততোদিন এই সংকট থাকবে।”

শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে  আনিসুজ্জামানকে এবছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে।

এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আনিসুজ্জামান বলেন, “আমরা আবার লক্ষ করছি যে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা আবার নতুন করে শক্তি সঞ্চয় করে দেশের বিরোধিতা শুরু করেছে।

“তাই তরুণ প্রজন্মকে বলতে চাই, আমরা যা পারিনি, আজকের এই নতুন প্রজন্ম এই প্রতিক্রিয়াশীল শক্তিকে ধ্বংস করে সেই চেতনার বাস্তবায়ন করবে।”

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেন, “আজকের এই বাংলাদেশ এমন এক পরিস্থিতির সম্মুখীন যেখানে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে এবং মুক্ত কণ্ঠকে দমানোর চেষ্টা করা হচ্ছে।

“এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আনিসুজ্জামান সেই ব্যক্তি যার কণ্ঠস্বর তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে। তার জ্ঞানের বর্ণচ্ছটায় আমাদের আলোকিত করে। তিনি আমাদের সবার শিক্ষক। তিনি বাংলাদেশের জন্য গৌরব। আমরা তার গুণমুগ্ধ ভক্ত।

“আমাদের মতো রাজনীতিবিদদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তেমনি এদেশেরও আনিসুজ্জামানের কাছ থেকে অনেক পাওয়ার আছে।”

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, উপ-উপাচার্য নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামানের স্ত্রী সিদ্দিকা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই আনিসুজ্জামানকে ভাষা সৈনিক হিসেবে স্বর্ণপদক এবং পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হওয়ায় প্রতীকী পদ্মফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।