২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলনিরপেক্ষ নির্বাচনেও দলীয় প্রভাব থাকছে: সুজন

উপজেলা নির্বাচন দলনিরপেক্ষ হলেও তাতে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন)সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তার।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বদিউল আলম বলেন, “উপজেলা নির্বাচনে প্রার্থীদের দলীয়ভাবে মনোনয়ন দেবার কথা বলা হয়। যারা দলীয় বিবেচনা মানেন না তারা বিদ্রোহী প্রার্থী হন। অনেক ক্ষেত্রেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।”

“এ প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো স্থানীয় নির্বাচনে প্রভাব বজায় রাখে। এরপরেও নির্বাচন কমিশন একবারেই নীরব ভূমিকা পালন করে,” বলেন সুজনের সাধারণ সম্পাদক।

বদিউল আলম বলেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কোন কোন জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে। বিরোধীদলীয় প্রার্থীর সমর্থকদের পুলিশি হয়রানি, হুমকি প্রদান বা এলাকাছাড়া করার অভিযোগও পাওয়া গেছে। এটি কারো কাম্য হতে পারে না।”

এ ব্যাপারে নির্বাচন কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার, সহকারী সমন্বয়কারি সানজিদা হক বিপাশা প্রমুখ উপস্থিত ছিলেন।