২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চিরকুট’ দাতাদের ফোন না করায় ঠাকুরঘরে আগুন

‘চিরকুট’ দেয়া নম্বরে ফোন না করায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি হিন্দু বাড়ির পারিবারিক মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 02:27 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার ভোরের দিকে উপজেলা সদরের যুক্তরাষ্ট্র প্রবাসী বিপ্লব কুমার দেবের বাড়িতে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি আবু জাফর জানান।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) শফিউর রহমান ও ওসি আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোতলা ভবনের দ্বিতীয় তলার ঠাকুর ঘরে থাকা লক্ষ্মীর প্রতিমাসহ অন্যান্য দেব-দেবীর ছবি ও পূজার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

বিপ্লবের ভাইয়ের স্ত্রী পপী রাণী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই সপ্তাহ আগে তাদের বাড়িতে তিনটি চিরকুট আসে। সেখানে একটি মোবাইল নম্বর (০১৯১৪-০৭৬৭৫০) দিয়ে তাতে যোগাযোগ করতে বলা হয়।

‘এ ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করা না হলে বাড়ি ঘর সব আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হবে’-হুমকি দেয়া হয় ওই চিরকুটে।

এরপর ঘটনাটি নবীনগর থানার ওসিকে জানানো হলে তিনি বাড়িতে এসে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তারপর দুই সপ্তাহ না পেরোতেই বাড়ির ঠাকুর ঘরে আগুন দেয়া হলো।

“আগুন দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরের দরজায় আরেকটি চিরকুট লাগিয়ে ওই নম্বরে যোগাযোগ করতে বলেছে। অন্যথায় প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে গেছে,” বলেন পপী রানী।

নবীনগর থানার ওসি আবু জাফর বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

এর আগে দুটি হিন্দু বাড়িতে ‘চিরকুট’ পাঠিয়ে চাঁদা আদায় করা হয় জানিয়ে গত ৮ জানুয়ারি নবীনগর থানায় একটি জিডি হয়।