ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যানের প্রথম দিন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।
ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী জানান, সকাল সাড়ে ১০টার সময় ট্রাইব্যুনালে আসেন নতুন চেয়ারম্যান। এরপর তার অফিস কক্ষেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রথম ও দ্বিতীয় ট্রাইব্যুনালের সদস্যরা।
এছাড়া ট্রাইব্যুনালে অন্যান্য কর্মকর্তা এবং কয়েকজন প্রসিকিউটরও নতুন চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া রায়ের অন্যতম বিচারক হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয় সরকার।
ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা বিচারপতি এ টিএম ফজলে কবীর গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে গেলে এই আদালতের বিচার কার্যক্রমে কার্যত স্থবিরতা তৈরি হয়।
বর্তমানে এ আদালতে বিচারাধীন পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান।
আওয়ামী লীগের বিগত সরকারের সময়ে ২০০৯ সালের ৩০ জুন অতিরিক্ত বিচারক হিসাবে হাই কোর্টে নিয়োগ পাওয়ার পর ২০১১ সালের ৬ জুন স্থায়ী হন ইনায়েতুর রহিম।
ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার দিনও হাই কোর্টের একটি দ্বৈত ফৌজদারি বেঞ্চের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় গত বছর অগাস্টে এক রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাই কোর্ট।
বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হকের সঙ্গে ওই বিচারপতি এম ইনায়েতুর রহিমও ওই বেঞ্চে ছিলেন।
১৯৬০ সালের ১১ অগাস্ট জন্মগ্রহণকারী ইনায়েতুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন। আইন পেশায় যোগ দেয়ার পর ১৯৮৯ সালে তিনি হাই কোর্টের আইনজীবী হন।
২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ২০০৫ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন ইনায়েতুর রহিম।
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য থাকাকালে ২০০৯ সালের ২৯ জানুয়ারি সরকার তাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেয়।
