মাদারীপুরে নলকূপ স্থাপনকালে গ্যাস নির্গমণ
মাদারীপুরের শিবচর উপজেলায় নলকূপ স্থাপনের সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়ে গ্যাস নির্গমণ শুরু হয়েছে।
এলাকাবাসী ও প্রশাসন জানিয়েছে, কাদিরপুর ইউনিয়নে শুক্রবার এ বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠেছে। গ্যাস উদগীরণ দেখার জন্য দূরদূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় করছে।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাদিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন বলেন, কাদিরপুর ইউনিয়নের আব্দুল ওয়াহাব বেপারীর কান্দি গ্রামে প্রবাসী মামুন শিকদারের বাড়িতে নতুন একটি নলকূপ বসানোর কাজ চলছিল।
শুক্রবার বিকালে ১৮০ ফুট পর্যন্ত পাইপ মাটির নিচে যাওয়ার পর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে অবিরাম গ্যাস বের হতে থাকে।
বিস্ফোরণে তিনটি গাছ উপরে গেছে এবং আশপাশের ঘরেরও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাসের সঙ্গে বালু মাটি মিশে অন্তত দেড়শ’ থেকে ২শ’ ফুট উচ্চতায় নিক্ষিপ্ত হচ্ছে।
তিনি জানান, স্থানীয়রা বালির বস্তা ফেলে গ্যাস নির্গমণ ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। প্রায় ৩ ঘণ্টার সিমেন্টের দেয়াল ফেলে গ্যাস নির্গমণ কিছুটা কমানো হয়। তবে এখনো বিপুল পরিমাণ কাদা ও বালু মিশ্রিত গ্যাস বের হচ্ছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আরশেদ আলী বলেন, এখনো গ্যাস বের হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কর্ডনের ব্যবস্থা করা হয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ বলেন, “শিবচরের কাদিরপুরে নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস ওঠার যে ঘটনা ঘটেছে সেটি আমরা ঢাকায় পেট্রোবাংলাকে অবহিত করেছি। তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন।”
মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোকজনকে সেখানে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
