ফরিদপুরে দুই উপজেলায় ৭ প্রার্থীর জরিমানা
ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাত প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শিবলী ও এস এম মাহফুজুর রহমান এ জরিমানা আদায় করেন।
ম্যাজিস্ট্রেট মামুন শিবলী জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগে নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান সরদারকে সাত হাজার, শাহিনুজ্জামান শাহিনকে ছয় হাজার ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান ও সালমা বেগমকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বোয়ালমারীর নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন মুসা মিয়াকে ১০ হাজার, জামালউদ্দিন নান্নুকে ১০ হাজার ও অপর ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
