২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িকতা নির্মূলের দাবিতে পতাকা মিছিল

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে চট্টগ্রামে পতাকা মিছিল করেছে কয়েকটি প্রগতিশীল সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 07:32 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

শনিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে এ মিছিল শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এর আগে চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ থেকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এজন্য সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সাম্প্রদায়িক সহিংসতা দমনে সরকারের ‘শিথিলতার’ও সমালোচনা করা হয় সমাবেশ থেকে।

উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশের সভাপতিত্বে সমাবেশে খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কবি আশীষ সেন, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, যুব ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আরিফ উল্লাহ হাই, খেলাঘর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলির সদস্য রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।

চন্দন দাশ বলেন, “যতোদিন বাংলাদেশে সাম্প্রদায়িকতার অবসান না হবে ততোদিন আমরা মাঠে থাকব এবং সর্বোচ্চ আত্মত্যাগের জন্য আমরা প্রস্তুত আছি।”

বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে বলে তারা আরো শক্তিশালী হয়ে ওঠে বলে অভিযোগ বক্তাদের।

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তারা।

বাহাত্তরের সংবিধান অনুসারে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

সর্বশেষ হেফাজতে ইসলাম ও তাদের ১৩ দফার উদাহরণ দিয়ে বক্তারা সরকারের প্রতি সাম্প্রদায়িকতা দমনে কঠোরতর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে পতাকা মিছিলটি নগরীর মোমিন রোড, আন্দরকিল্লাসহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় অন্যদের মধ্যে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, নারী নেত্রী রেখা চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সাবেক ছাত্রনেতা দেবাশীষ সেন ও রিপায়ন বড়ুয়া এবং সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক প্রিন্স রুবেল উপস্থিত ছিলেন।