২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অর্থ হাতিয়ে প্রতিষ্ঠান কর্মকর্তারা উধাও

টঙ্গীতে ‘ফ্রেন্ডস সিকিউরিটি মাল্টিপারপাস’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণা করে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 01:05 AM

Updated : 22 Aug 2022, 05:45 PM

এর প্রতিবাদে শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানব বন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। 

দুপুরে সাতাইশ গাজীপুরা এলাকায় এ বিক্ষোভ হয় বলে টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান।

তিনি বলেন, প্রায় দুই বছর আগে ফ্রেন্ডস সিকিউরিটি মাল্টিপারপাস প্রতিষ্ঠানটি গাজীপুরা এলাকায় তাদের শাখা খুলে এলাকায় প্রায় ১৫ হাজার গ্রাহক তৈরি করে আর্থিক লেনদেন করতে থাকে। বৃহস্পতিবার দুপুরে গ্রাহকরা ওই কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখে এবং কোনো কর্মকর্তার সন্ধান না পেয়ে শুক্রবার মানববন্ধন করে।

বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করলে তাদের ধাওয়া দিয়ে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কে গাড়ি চালাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি ইসমাইল।