দায়িত্ব এখন তরুণদের: জাফর ইকবাল
মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব কাঁধে তুলে নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন লেখক শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল।
শুক্রবার বিকালে মহান ভাষা শহীদ দিবসে গণজাগরণ মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই প্রত্যাশা তুলে ধরেন তিনি।
জাফর ইকবাল বলেন, “আমার মতো সুখী মানুষ পৃথিবীতে কম আছে। আমি একসময় এই তরুণ প্রজন্মের দিকে তাকাতাম। ভাবতাম- এরা মোবাইল ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে আর লাইক দেয়। আর কিছু করে না।
“তখন এদেরকে বলার চেষ্টা করতাম, দেশটা এমনি এমনি আসে নাই, এদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল। এত ভালোবাসা দিয়ে আর কোনো দেশ হয় নাই। তারা বুঝতো কি-না, জানি না।
“তারপর এই মঞ্চ হলো, লক্ষ লক্ষ মানুষ এখানে একত্রিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলো। ১৯৭১ সালের ১৫ বা ১৬ ডিসেম্বর যখন আমরা এই শহরে ‘জয় বাংলা’ স্লোগান শুনেছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছিলো, আমরা একটি দেশ পেয়ে গেছি। সেই স্লোগান গণজাগরণ মঞ্চ আমাদেরকে ফিরিয়ে দিয়েছে।
তরুণদের প্রতি তিনি বলেন, “এখন আমরা শুয়ে থাকবো, ঘুমাবো, কবিতা পড়বো। তোমরা আমাদেরকে আর পাবে না। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তোমাদের।”
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি ডা. সারওয়ার আলী বলেন, দেশের ভেতরে বাইরে নানা ঘটনা নানা সময়ে খুব হতাশাগ্রস্ত করতো। ৭৫’র পর যখন ইতিহাস বিকৃতি শুরু হয়, তখন ভাবতাম- আমরা মনে হয় একটি প্রজন্মকে হারাতে বসেছি।
“এই গণজাগরণ মঞ্চ হওয়ার পর সেই আশঙ্কা শেষ হয়েছে।”
লেখক সৈয়দ শামসুল হক বলেন, ৫২ সালে ১৪৪ ধারা ভেঙে শিক্ষার্থীরা যে মিছিল করেছিলো, তাকে বলা হতো গণমিছিল। মিছিলের সঙ্গে যুক্ত হয় গণ শব্দটি। ৬৯’এ-ও এই শব্দটি ছিলো, গণঅভ্যুত্থান।
“এবার গণ শব্দটি নিয়েই হয় গণজাগরণ মঞ্চ। এটা ইতিহাসের ধারাবাহিকতা।”
অনুষ্ঠানে ‘শাহবাগ গণজাগরণ ও ইতিহাসের দায়’- নামে মঞ্চের একটি সংকলনের মোড়ক উন্মোচন করেন তিনি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক অজয় রায়, সাংবাদিক প্রভাষ আমিন, মঞ্চের মুখপাত্র ও সংকলনের সম্পাদক ইমরান এইচ সরকার।
বিকাল ৪টা থেকে মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে ভাষার গান, কবিতা, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গানের পাশাপাশি ৫২’র ভাষা আন্দোলনের স্লোগানও দেয়া হয়।
