ভাষা শহীদদের স্মরণ করলেন প্রবাসীরা
বাঙালির গর্বের একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা স্মরণ করেছে মহান ভাষা শহীদদের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত এই দিনে তারা দিবসের চেতনায় রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তন, জাতিসংঘ সংলগ্ন পার্ক, এনটিভি মিলনায়তন, গুলশান টেরেস, কুইন্স প্যালেস ও ডাইভারসিটি প্লাজায় অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে হাজার হাজার প্রবাসী শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
বঙ্গবন্ধু মিলনায়তনে দিবসের মূল অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এ মোমেন বলেন, “বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করার একটি প্রয়াস রয়েছে। ইতিমধ্যেই জাতিসংঘে বাংলা রেডিও অনুষ্ঠান হচ্ছে এবং ইউএনডিপির সব কাজে বাংলা অর্ন্তভুক্ত হয়েছে।”
ইউনেস্কোর পরিচালক বিবেক জেনসেন মাতৃভাষার অধিকার আদায়ের জন্যে বাঙালিদের রক্তদানের ঘটনাকে অবিস্মরণীয় হিসেবে উল্লেখ করে বলেন, “চলতি বছরের মাতৃভাষা দিবসের স্লোগান নির্ধারণের মধ্য দিয়েই ইউনেস্কো মানুষের মুখের ভাষার গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে।
“বর্তমানে প্রায় ৬৭০০ ভাষার অর্ধেকই বিলুপ্তির হুমকির মুখে। এসব ভাষা রক্ষা করতে না পারলে মানবতা বিপন্ন হওয়ার আশংকা রয়েছে।”
অনুষ্ঠানে শতাধিক দেশের কূটনীতিকরা অংশ নেন।
কুইন্স প্যালেসে বাংলাদেশ সোসাইটি, এস্টোরিয়ায় সাউন্ডভিউ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও গুলশান টেরেস মিলনায়তনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ব্যানারে এবং জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শিশু থেকে শুরু করে সব বয়সীরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
নিউ ইয়র্ক আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুবকমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
একুশের প্রথম প্রহরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে একুশে পদক পাওয়া দুই প্রবাসী পণ্ডিত রামকানাই দাশ (২০১৪) এবং মনসুর খানকে (২০১২) সম্মাননা জানানো হয়।
এছাড়া ভাষা আন্দোলন ও মক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ের ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
গত ২২ বছরের মতো এবারও জাতিসংঘ সদর দফতরের সামনে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালির চেতনা মঞ্চ যৌথভাবে শহীদ মিনার স্থাপন করে।
নিউইয়র্ক সিটির ব্রুকলিন, জ্যামাইকা, ওজনপার্ক ব্রঙ্কসেও কয়েকটি শহীদ মিনার তৈরি করা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রের পেটারসন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, অরল্যান্ডো, আটলান্টা, লস এঞ্জেলেস, ডেট্রয়েট, শিকাগো ও বোস্টনেও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রবাসীরা।
