পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ৩ জনের মৃত্যু
শহীদ মিনারে ফুল দিয়ে বাড়িতে ফেরার পথে পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের জগদল এলাকায় জ্যোতি স্টোন ক্রাশার মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোসলিম ওরফে সানাউল (৪৫), সলিমুল (৫০) ও খোরশেদ আলম (৫০)।
নিহত প্রথম দুজনের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাকুরি গ্রামে ও অন্যজনের বাড়ি পঞ্চগড় সদর ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধানের সঙ্গে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের জগদল বাজার এলাকার কিছুটা আগে জ্যোতি স্টোন ক্রাশার মিলের সামনে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন আরোহীরা।
পরে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সানাউল ও সলিমুলকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর খোরশেদও মারা যায়।
এদিকে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তাদের পরিবার ও স্বজনসহ এলাকাবাসী ভিড় করেন।
অমরখানা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান জানান, শহীদ মিনারে ফুল দেয়ার পর নিহত খোরশেদ তার সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার কথা বলছিল। কিন্তু সানাউল ও সলিমুলকে যেতে দেখে সেও বাড়ি ফিরতে তাদের মোটরসাইকেলে ওঠে।
“ভাবতেই পারছি না ১০/১৫ মিনিট আগে দেখা হওয়া জীবন্ত লোকগুলোকে মৃত অবস্থায় দেখছি।”
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খ ম আরিফুর রহমান জানান, মাথা ও বুকে প্রচণ্ড আঘাতের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, রাতেই স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া তিনজনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
