নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
নাটোর সদর উপজেলার সৈয়দপুর মোড়ে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সরদার পাড়ার আব্দুল লতিফের ছেলে ও কাঁচামাল ব্যবসায়ী মাসুদ রানা (৩২), লেগুনার চালক রাজশাহীর কাটাইখালি মহল্লার সাদের আলীর ছেলে জীবন আলী (৩৫) এবং অজ্ঞাত পরিচয় চালকের সহকারী। তার বয়স আনুমানিক ২২ বছর।
ঝলমলিয়া মহাসড়ক পুলিশের উপপরিদর্শক ফজলুর রহমান জানান, নাটোর-ঢাকা মহাসড়কের সৈয়দপুর এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ঢাকাগামী দেশ ট্রাভেলস নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনার ছয় যাত্রী গুরুতর আহত হন।
“নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে মাসুদ মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লেগুনা চালক সাদের আলী ও তার সহকারী মারা যান।”
নিহত দুইজনের লাশ ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।
অপর তিন আহতের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, চিকিৎসাধীনরা বর্তমানে আশঙ্কা মুক্ত।
