বেতনের দাবিতে সাভারের শ্রমিক বিক্ষোভ
সাভারের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার কর্ণপাড়ায় প্রোভাটেক্স গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় শ্রমিকরা কারখানার আসবাবপত্র ও কাচ ভাংচুর করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে।
শ্রমিকরা জানান, মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধ না করে নানারকম টালবাহানা করে।
এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি।
