২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিএনপির ২ প্রার্থীকে জরিমানা

আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে সাভার উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত  চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 03:15 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান প্রার্থী হাজী কফিল উদ্দিনকে (কাপ-পিরিচ প্রতীক) ৫০ হাজার টাকা ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মিনি আক্তার ঊর্মিকে (হাঁস প্রতীক) চার হাজার টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় দফায় এ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি ভোট হবে।

ভ্রাম্যমাণ আালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আনুমানিক ১১টার দিকে আশুলিয়ার গনকবাড়ি এলাকায় অর্ধশতাধিক মোটরসাইকেল ও গাড়ি নিয়ে মিছিল এবং গাড়ি বহর ঢেকে পোস্টার লাগানোয় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী কফিল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট একই কারণে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিনি আক্তার ঊর্মিকেও চার হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেয়া হয়েছে।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

আর ইয়ারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ঊর্মি মহিলা দলের আশুলিয়া থানা কমিটির সভাপতি।