পঞ্চগড়ে ২টি আ.লীগ, বিএনপি-জামায়াত ১টি করে
পঞ্চগড়ের চার উপজেলার মধ্যে দুইটিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও ১টিতে জামায়াত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে।
এরমধ্যে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জে আওয়ামী লীগ, আটোয়ারীতে বিএনপি ও বোদা উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
রাতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি রিটার্নিং অফিসাররা প্রত্যেকে নিজে কার্যালয়ে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
পঞ্চগড় সদর
পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার সাদাত মোটর সাইকেল প্রতীকে ৩৭ হাজার ৩৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবু দাউদ প্রধান পেয়েছেন ৩৩ হাজার ৬০৭ ভোট।
রাতে সহকারী রিটার্নিং অফিসার মাকসুদা বেগম সিদ্দীকা এ ফলাফল ঘোষণা করেন।
দেবীগঞ্জ উপজেলা
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তোফাজ্জল হোসেন ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসনাত জামান চৌধুরী জর্জ আনারস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯৩৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল গণি বসুনিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১৯০ ভোট।
আটোয়ারী উপজেলা
রাতে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল ইসলাম বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী ঘোড়া প্রতীকে আব্দুর রহমান আব্দারকে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে আব্দার ৩০ হাজার ৮৩৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোটরসাইকেল প্রতীকের তৌহিদুল ইসলাম ২০ হাজার ৮৫১ ভোট পেয়েছেন।
এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আনিছুর রহমান পেয়েছেন ১৫ হাজার ৭৪১ ভোট।
বোদা উপজেলা
বোদা উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী সফিউল্লাহ সুফি দোয়াত কলম প্রতীকে ৫০ হাজার ৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফারুক আলম টবি কাপ পিরিচ প্রতীকে ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মামুনউর রশিদ এ ফলাফল ঘোষণা করেন।
