২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইতে ‘আ. লীগের দ্বন্দ্বে’ বিএনপির প্রার্থী জয়ী

আওয়ামী লীগের ভেতরে দ্বন্দ্বে মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে জয়ী হলো বিএনপিসমর্থিত প্রার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তম সেনগুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 11:55 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনকে হারিয়ে জয়ী হয়েছেন নুরুল আমিন।

আনারস প্রতীক নিয়ে নুরুল আমিন পেয়েছেন ৫৬ হাজার ১৭৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৯৫৩ ভোট।

তৃতীয় হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান। তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৬০ ভোট।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন বুধবার রাত দশটার দিকে উপজেলার ৯৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত বিএনপিসমর্থিত প্রার্থী মাইনুদ্দিন মাহমুদ তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৮০২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বই মার্কায় আওয়ামী লীগের এনায়েত হোসেন নয়ন পেয়েছেন ৩০ হাজার ৪৬৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগসমর্থিত ইয়াসমিন শাহীন কাকলী ৬৬ হাজার ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের ইসমত আরা ফেন্সী পেয়েছেন ২৯ হাজার ৮৮৩ ভোট।

উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিনের সঙ্গে স্থানীয় সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়া মোশাররফ হোসেনের সঙ্গে সম্পর্কের তিক্ততার জেরে আওয়ামী লীগের পক্ষ থেকে গিয়াসের বদলে শেখ আতাউরকে প্রার্থী ঘোষণা করা হয়।

প্রচারণার সময়ে মোশাররফের সঙ্গে গিয়াসের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।

নির্বাচনের দিন সকালে মন্ত্রী ও তার দলের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেন গিয়াস। তিনি এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ আনেন তাদের বিরুদ্ধে।

বিকালে সংবাদ সম্মেলন করে ২০টি কেন্দ্রে পুনঃনির্বাচন দাবি করেন তিনি।

রাতে ফলাফল ঘোষণার পর গিয়াস উদ্দিন প্রতিক্রিয়ায় বলেন, “এ নির্বাচনে আমি হারিনি। মন্ত্রীর নীল নকশায় আমাকে হারানো হয়েছে। এর সাথে ইউএনও’ও যুক্ত।”

বিজয়ী বিএনপি সমর্থিত চেয়ারম্যান নুরুল আমিন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গিয়াস ভাই আমার বড় ভাই, ওনার পাঁচ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”

মিরসরাইয়ে ৯৬টি কেন্দ্রে মোট ভোটার ছিল দুই লাখ ৭৩ হাজার ৩৩৯ জন। এর বিপরীতে ভোট দিয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯১৮ জন। মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯০ শতাংশ।