ভাষাশহীদ বরকতের বাড়িতে প্রশাসনের কর্মকর্তারা
ভাষাশহীদ আবুল বরকতের পরিবারের অভিযোগ পেয়ে তাদের বাড়ি পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদা দাবি এবং সম্পত্তি থেকে উৎখাতের অভিযোগ এনে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন শহীদ বরকতের ভাইপো আইন উদ্দিন বরকত।
সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর বুধবার গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সাজিদ আনোয়ার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া রহমান ওই বাড়িতে যান।
তারা ভাষাশহীদের পরিবারের সঙ্গে কথা বলে প্রশাসনের পক্ষ থেকে আইনি সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসক নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এ ব্যাপারে ওই পরিবারকে ২১শে ফেব্রুয়ারির পর প্রয়োজনীয় আইগত সহযোগিতার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।”
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আদি বাসিন্দা বরকতের মা হাসিনা বিবিকে ১৯৮১ সালে বাংলাদেশ সরকার গাজীপুরের নলজানী মৌজায় ৬৮ শতাংশ জমি দেয়।
চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দেয়া ওই জমি হাসিনা বিবির মৃত্যুর পর থেকে ভোগ করে আসছেন শহীদ বরকতের ভাইপো আইন উদ্দিন।
আইন উদ্দিন মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে যে অভিযোগ দিয়েছেন; তাতে অভিযোগ করা হয়েছে, ওই জমির নামজারিতে বাধা দিচ্ছেন সফর আলী এবং পাশাপাশি চাঁদা দাবি করছেন।
১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফর আলীর দাবি, ওই জমি ভোগদখলকারীরা শহীদ বরকতের মা হাসিনা বিবির কোনো ওয়ারিশ নন। তারা সরকারি জমি ‘অবৈধভাবে’ দখল করেছেন।
ইউএনও ফৌজিয়া রহমান বলেন, “কাগজ-পত্র দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে শহীদ বরকত পরিবারের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কাউন্সিলর মো. সফর উদ্দিন।”
সফর উদ্দিন যে মিসকেস করেছেন, সে বিষয়ে ১৩ মার্চ শুনানির দিন ধার্য রয়েছে।
সহকারী কমিশনারকে বিষয়টি দ্রুত ও সঠিকভাবে নিষ্পত্তির জন্য বলা হয়েছে বলে জানান ফৌজিয়া রহমান।
ভাষাশহীদ বরকতের পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ
