২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখল উচ্ছেদে রাস্তায় নামবেন কয়েক মন্ত্রী

যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামী ২৬ ফেব্রুয়ারির পর বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত উদ্যোগ থাকবে বলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 07:49 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার গুলিস্তান মোড়ে যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “আগামী ২৬ ফেব্রুয়ারি কয়েকটি মন্ত্রণালয় নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠক হবে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধ নিয়ে, অভিযান পরিচালনার জন্য যাদের যাদের দরকার এখানে আইন-প্রয়োগকারী সংস্থা, স্থানীয় সরকার, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।”

ওই বৈঠকে নতুন কোনো সিদ্ধান্ত নয়, বরং সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, “আজকে এর সূচনা করলাম। ঢাকার আশপাশে সাভার, হেমায়েতপুর, টঙ্গী ও কাঁচপুরসহ কয়েকটি স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।”

আগামীতে দৃঢ়তার সঙ্গে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, “আজ ঢাকা সিটিতে শুরু করা হলো, এটা জোরদার হবে। আমরা কয়েকজন মন্ত্রী একসাথে নামবো।”

যানজটের কারণে রাস্তায় অনেক সময় নষ্ট হয় উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, “এ ব্যাপারে আমরা সিরিয়াস। ২৬ তারিখের পর এ কর্মকাণ্ড আরো জোরদার হবে।”

ব্যাটারিচালিত রিক্সা চলাচল নিষিদ্ধের পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, ২৬ তারিখের পর এ বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।

গুলিস্তানকে অবৈধ দখলমুক্ত করা হলেও কিছুক্ষণ পর যে আবার আগের পরিস্থিতি তৈরি হবে তার কোনো নিশ্চয়তা আছে কি না সে বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়।

জবাবে তিনি বলেন, “গুলিস্তান এতো সুন্দর আগে কখনো দেখিনি। এটি সচিবালয়ের নাকের ডগায়, প্রদীপের নিচে অন্ধকার থাকবে না, প্রতিদিনই এখানে খোঁজখবর নিবো।”

যোগাযোগমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে সকাল থেকেই গুলিস্তান ও এর আশপাশের এলাকায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করে ঢাকা সিটি কর্পোরেশন।