মিরসরাইয়ে ২০ কেন্দ্রে পুনঃভোটের দাবি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ২০টি কেন্দ্রে পুনঃভোটের দাবি করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন।
বুধবার বিকালে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পর উপজেলা সদরে নিজের নির্বাচনী কার্যালযে সংবাদ সম্মেলন করে এ দাবি তোলেন বর্তমান চেয়ারম্যান গিয়াস।
তিনি বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ আতাউর রহমানের লোকজন অন্তত ২০টি কেন্দ্র দখল করে তার পক্ষে ব্যালটে সিল মেরেছে।
নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তারা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।
১৫টি কেন্দ্রের নাম উল্লেখ করে অন্তত ২০টি কেন্দ্রে ভোট গণনা বন্ধ রাখা এবং পুনর্নির্বাচন দিতে রিটার্নিং কর্মকর্তার প্রতি আহ্বান জানান গিয়াস উদ্দিন।
এ দাবি সম্বলিত একটি চিঠিও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান।
মিরসরাইয়ের সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে স্থানীয় রাজনীতি নিয়ে দূরত্ব রয়েছে গিয়াসের।
নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমানকে সমর্থন দেন মন্ত্রী মোশাররফ। গিয়াস উদ্দিন বিদ্রোহী প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে গিয়াস বলেন, “আমি পুনরায় চেয়ারম্যান হলে মন্ত্রী তার রোডম্যাপ বাস্তবায়ন করতে পারবেন না জেনে আমকে সমর্থন দেননি।”
সংবাদ সম্মেলনে মিরসরাই পৌর মেয়র এম শাজাহান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও কাঁটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ভোট শুরুর পর মিরসরাইয়ে কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনছিলেন গিয়াস।
মিরসরাইয়ের ৯৬টি কেন্দ্রে ভোটার সংখ্যা দুই লাখ ৭৩ হাজার ৩৯৯ জন।
