২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ২ নারী ও এক বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা, সবুজবাগ ও মিরপুর থেকে থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের দুজন নারী ও একজন পুরুষ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার উত্তরা থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর বস্তাবন্দি লাশ, সবুজবাগ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত এক গৃহবধূর লাশ এবং মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার জানান, বুধবার বেলা ১২টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/এ নম্বর সড়কে দুটি বাড়ির মাঝের একটি গর্ত থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো এক কিশোরীর লাশ পাওয়া যায়।

নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তার গলায় ও ডান গালে কালো চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।

এদিকে সকাল ১০টার দিকে সবুজবাগ এলাকার একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আসমা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে সবুজবাগ থানার উপপরিদর্শক রওশন আরা জানান।

সকাল থেকেই নিহতের স্বামী জাহাঙ্গীর হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সাংবাদিকদের জানান নিহতের ছোটভাই নূর হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পারিবারিক দ্বন্দ্বের কারণে আপা রাতে গলায় দড়ি দিয়ে থাকতে পারেন। আমরা সকাল ৮টার দিকে তার লাশ ফ্যানে ঝুলতে দেখে পুলিশে খবর দেই।”

“কিন্তু সকাল থেকেই দুলাভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

দুই সন্তানের মা আসমা বেগম স্বামীর সঙ্গে সবুজবাগের মানিকদিয়া এলাকার একটি বাসায় থাকতেন বলে জানান নূর হোসেন।

এদিকে সকাল ১০টার দিকে মিরপুর এলাকার হামদ হোটেলের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে আজহারুল হক চৌধুরী (৬০) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

দারুস সালাম থানার উপপরিদর্শক মশিউর রহমান বলেন, ঢাকায় চিকিৎসা নিতে কুমিল্লা থেকে এসে মঙ্গলবার রাতে হামদ হোটেলের ৬১০ নম্বর কক্ষে উঠেছিলেন আজহারুল।

এরপর রাতের কোনো এক সময় তার মৃত্যু হয় বলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে।

এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক মুজিবুর রহমান একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এসআই মশিউর বলেন, আজহারুলের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।

লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।